বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে শশী আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শশী আক্তার (১৭) ওই এলাকার মো. সবুজ প্রামানিকের মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়ির টিনের ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল শশী আক্তার। এ সময় হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে ঘরে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শশী আক্তার ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাবতলী মডেল ওসি রাকিব হাসান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।