Advertisement

সীমান্ত এলাকায় কোটি টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সীমান্ত এলাকায় কোটি টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩
সুনামগঞ্জ সদর মডেল থানা। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তসংলগ্ন একটি গ্রাম থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা এক কোটি ২ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৭টি বস্তায় ভরা ভারতীয় কাতান শাড়ি, থান কাপড় ও লেহেঙ্গা জব্দ করে। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি স্টিলের তৈরি বাল্কহেড ইঞ্জিন নৌকাও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলার বালিকান্দি গ্রামের মৃত সাহাজুদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৫০), মৃত আবদুল সামাদের ছেলে আবদুল মান্নান (৫৫) এবং আবদুল মান্নানের ছেলে মো. মামুন মিয়া (২৬)।

পুলিশ জানায়, চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে এসব শাড়ি ও কাপড় এনে বালিকান্দি গ্রামের বাড়িতে মজুত করেছিল। রাতের আঁধারে দেশের বিভিন্ন স্থানে পাচারের পরিকল্পনা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৭টি বস্তায় রাখা ৬১৮ পিস কাতান শাড়ি, ১০ পিস স্যুটের থান কাপড় ও ২টি লেহেঙ্গা জব্দ করে। জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিকান্দি গ্রামের দুটি বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ কাপড় ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।