বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে শহরের পুরান বগুড়ার ওয়াপদা কলোনি এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হন।
একই দিন বেলা ১১টার দিকে শহরতলির নওদাপাড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বাসের চাপায় অপর এক নারী নিহত হন। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।
নিহত যুবকের নাম মোজাহিদুল ইসলাম ফয়সাল (২৮)। তিনি গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের শাবাসপুর এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে। ফয়সাল জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ফয়সাল তার দুই সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। তারা সাতমাথা থেকে তিনমাথার দিকে যাওয়ার পথে পুরান বগুড়ার ওয়াপদা কলোনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ফয়সাল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুই সহকর্মী বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পুরান বগুড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি।
ওসি ইব্রাহীম আলী আরও জানান, একই দিন বেলা ১১টার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধা যাচ্ছিলেন। নওদাপাড়া এলাকায় মম ইন হোটেলের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ওই ব্যক্তি মোটরসাইকেলটি ফেলে রেখে স্ত্রীর মরদেহ নিয়ে গাইবান্ধা চলে যান। তবে মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
