‘চরে চিকিৎসার সুযোগ খুব কম, বিজিবি আমদের পাশে দাঁড়িয়েছে’

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের বাসিন্দা আমেনা বেগম। দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পান না ঠিকমতো। নিজ এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছ থেকে চিকিৎসাসেবা আপ্লুত তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিজিবি।
আমেনা বেগম বলেন, চরে চিকিৎসার সুযোগ খুবই কম। চিকিৎসা নিতে হলে অনেক দূরে যেতে হয়। বিজিবি আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের অনেক উপকার হয়েছে।
বিজিবির এই উদ্যোগে চিকিৎসাসেবা পেয়ে তার মতো উপকৃত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। প্রত্যন্ত এই অঞ্চলের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সাধারণ মানুষ।
চিকিৎসা নিতে আসা আব্দুল আজিজ বলেন, এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে আমরা অনেক উপকৃত হব। বিজিবির এই মানবিক কাজ সত্যিই প্রশংসনীয়।
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।