logo

সিলেটে চোরাবালিতে তলিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে চোরাবালিতে তলিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের পর্যটন এলাকা লালাখাল জিরো পয়েন্টে চোরাবালিতে তলিয়ে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর একটার দিকে তিনি নিখোঁজ হন।

মারা যাওয়া মো. মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালাখালের সাহেবমারা ড্রয়ার নামক স্থানের চোরাবালিতে তলিয়ে যান মুসআব আমীন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম তল্লাশি অভিযান শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা বলেন, দীর্ঘ তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। আমরা সুরতহাল শেষে মরদেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।