এমপির গণসংবর্ধনা অনুষ্ঠান মঞ্চের সামনে নেই মানুষ, শুধুই চেয়ার

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামকে গণসংবর্ধনার আয়োজন করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। তবে অনুষ্ঠানে মঞ্চে নেতারা উপস্থিত থাকলেও সামনে ছিল ফাঁকা চেয়ার। দর্শকশূন্য এ আয়োজন নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত ছিলেন। তবে মঞ্চের সামনে রাখা অধিকাংশ চেয়ারই খালি দেখা যায়। উপস্থিতি কম থাকায় অনুষ্ঠানস্থলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার এক বাসিন্দা বলেন, একজন সংসদ সদস্য কোনো অনুষ্ঠানে গেলে সাধারণত মানুষের ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু এখানে উল্টো চিত্র দেখা গেছে। এটি সংসদ সদস্য ও স্থানীয় বিএনপির জন্য বিব্রতকর।
আরেকজন বলেন, উপজেলা বিএনপি ব্যর্থ। তারা অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে পারেনি। একজন সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, অথচ মাঠে মানুষ নেই, এটি লজ্জাজনক।
তবে উপস্থিতি কম হওয়ার পেছনে আবহাওয়াকে দায়ী করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী।
তিনি বলেন, এলাকার উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নির্মূল, রাস্তা-ঘাট উন্নয়নসহ বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে সংসদ সদস্য আব্দুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু দুপুরে তীব্র তাপদাহ থাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল না।
