ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঢাকাগামী দুই বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাসের কমপক্ষে ৫ যাত্রী আহত হন। তবে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া হালকা আহত হয়েছেন আরও ১০ যাত্রী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরেছেন বলে জানা গেছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফের পরিবহনের সঙ্গে ঢাকাগামী ইলিশ পরিবহনের সংঘর্ষ লাগে। এ সময় বিএমএফ পরিবহনের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তবে তাদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ঢাকা প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, দুর্ঘটনায় আমরা গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। অন্যরা মারাত্মক আহত নন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে তাৎক্ষণিক দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
