logo

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটক ১০

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটক ১০
ছবি: এশিয়া পোস্ট

যশোর শহরের ধর্মতলা এলাকায় যুবলীগের ঝটিকা মিছিল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) বিকেলে ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল করার সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এদিন বিকেলে শহরের ধর্মতলা এলাকায় ২০-২৫ জনের একটি দল মিছিল করার উদ্দেশ্যে স্লোগান দেয়। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে ডিবি পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত হয়।

সেখান থেকে সন্দেহজনকভাবে ১০ জনকে আটক করা হয়। আটকদের প্রথমে ডিবি কার্যালয়ে, পরে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও শহরের বাবলাতলা, গরীবশাহ, পোস্ট অফিসপাড়ায় যুবলীগের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা শ্লোগান দিয়ে মিছিল করা হয়। এসব ঘটনায়ও জড়িত থাকার অভিযোগে অসংখ্য নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।