logo

প্রধানমন্ত্রীর নির্দেশে হৃদরোগে আক্রান্ত শিশু আবরারের পরিবারকে সহায়তা

প্রধানমন্ত্রীর নির্দেশে হৃদরোগে আক্রান্ত শিশু আবরারের পরিবারকে সহায়তা
আব্দুল হালিমের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : এশিয়া পোস্ট

জন্মগত হৃদরোগে আক্রান্ত পাঁচ মাসের ছেলে আবরার রহমানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা জোগাড় করতে পারছিলেন না রাজমিস্ত্রি বাবা আব্দুল হালিম। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে তার অসহায়ত্বের কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিশুটির পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে গিয়ে আব্দুল হালিমের হাতে নগদ অর্থ তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস।

পরিবারের সদস্যরা জানান, জন্মগত হৃদরোগে আক্রান্ত আবরারের অস্ত্রোপচারের জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু সীমিত আয়ের কারণে সেই অর্থ জোগাড় করা তার বাবার পক্ষে কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আসে।

বর্তমানে আবরার ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে। সেখানে ৩ নম্বর শয্যায় তার চিকিৎসা চলছে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস বলেন, পূজার সময় বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের সময় শিশুটির বাবা তাদের কাছে সহায়তা চেয়েছিলেন। পরে শুক্রবার রাতে আতিকুর রহমান রোমন একটি পত্রিকার মাধ্যমে শিশুটির বিষয়ে জানতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তারা শিশুটির বাড়িতে গিয়ে পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিএনপি নিয়েছে।

শিশুটির বাবা আব্দুল হালিম বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার ছিল না। পরে বিষয়টি সাংবাদিক ও বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাই। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে কায়েস ভাই আমার হাতে ৫০ হাজার টাকার একটি খাম তুলে দিয়েছেন। পাশাপাশি আমার সন্তানের চিকিৎসার সব ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সন্তানের দুঃসময়ে সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল হালিম। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, আব্দুল্লাহ আল কায়েস ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান।