logo

এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, যেভাবে চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি

এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, যেভাবে চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি
লক্ষ্মীপুরে সুপারির মৌসুমে বাগান থেকে সুপারি সংগ্রহ করে তা বাছাই ও বস্তাবন্দী করায় ব্যস্ত চাষি ও শ্রমিকেরা। ছবি: এশিয়া পোস্ট

সুপারির মৌসুম ঘিরে সরগরম লক্ষ্মীপুরের হাটবাজার। সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে পাকা সুপারি। ক্রেতারা এক স্তূপ থেকে অন্য স্তূপে ঘুরে দেখছেন, করছেন দরদাম। দাম মিলে গেলে বস্তা কিংবা ঝাঁকায় ভরে সুপারি তুলে দেওয়া হচ্ছে যানবাহনে। জেলার বিভিন্ন হাটবাজার থেকে এসব সুপারি যাচ্ছে দেশের নানা প্রান্তে। উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও কেনাবেচা ঘিরে ব্যস্ত সময় পার করছেন কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকেরা।

লক্ষ্মীপুর জেলায় সুপারিভিত্তিক শিল্প স্থাপন করা গেলে কৃষক আরও বেশি দাম ও সঠিক লাভ পেতেন এমনটাই দাবি স্থানীয়দের। এতে জেলার অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন তারা।

জানা গেছে, লক্ষ্মীপুরে অর্থকরী ফসলের মধ্যে অন্যতম সুপারি। বাড়ির আঙিনা ও পতিত জমিতে সুপারি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমে সুপারির ফলন গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। এতে চাষিদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার সুপারি বাজারে গিয়ে দেখা যায়, সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে সুপারি। স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন গ্রামের ছোট হাট থেকে সুপারি কিনে এনে এ বাজারে বিক্রি করেন। বাজারে আসা অধিকাংশ পাইকার জেলার বাইরের। সপ্তাহে দুই দিন এ বাজারে বেচাকেনা হয়। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধু এ বাজারেই এক থেকে দেড় কোটি টাকার সুপারি কেনাবেচা হয়।

বাজারের বিক্রেতা নজরুল ইসলাম বলেন, বর্তমানে প্রতি পণ (৮০টি) পাকা সুপারি ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কাউন (১ হাজার ২৮০টি) সুপারি বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়। মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা সুপারি কিনতে আসেন। তাদের মাধ্যমে এসব সুপারি বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

জেলার গুরুত্বপূর্ণ সুপারি বাজারগুলোর মধ্যে রয়েছে রায়পুর উপজেলার হায়দারগঞ্জ, আলিয়া মাদ্রাসা এলাকা, বাসাবাড়ি, দেনায়েতপুর, খাসেরহাট, মোল্লারহাট ও মীরগঞ্জ। এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার, রসুলগঞ্জ, ভবানীগঞ্জ, মান্দারী, দত্তপাড়া ও জকসিন এবং রামগঞ্জের সোনাপুর, কাঞ্চনপুর ও করপাড়া বাজারেও সুপারি কেনাবেচা হয়। মৌসুমে এসব বাজারে বাগানমালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সুপারি নিয়ে আসেন। পরে পাইকারি ব্যবসায়ীরা তা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান।

দুই যুগ ধরে সুপারির ব্যবসা করছেন রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের মোখলেছুর রহমান। তিনি বলেন, সুপারির মৌসুমে কেনাবেচা বেড়ে যাওয়ায় তাদের ব্যস্ততাও বাড়ে। স্থানীয় হাটবাজার থেকে সুপারি সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা অনুযায়ী পাঠানো হয়। প্রতিবছর তার মাধ্যমে ২০ থেকে ২৫ কোটি টাকার সুপারি কেনাবেচা হয় বলে দাবি করেন তিনি।

লক্ষ্মীপুরে সুপারি সাধারণত পাকা, ভেজানো ও শুকনা এই তিনভাবে বিক্রি হয়। উৎপাদিত সুপারির বড় একটি অংশ পানিতে ভিজিয়ে সংরক্ষণ করেন ব্যবসায়ীরা। নদী-নালা, খাল-ডোবা, পুকুর ও সিমেন্ট-ইটের তৈরি পাকা চৌবাচ্চায় এসব সুপারি রাখা হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উৎপাদিত সুপারির প্রায় ৬০ শতাংশ ভিজিয়ে সংরক্ষণ করা হয়। বাকি ৪০ শতাংশ কাঁচা অবস্থায় কিংবা রোদে শুকিয়ে বিক্রি করা হয়।

রায়পুরের সোনাপুর গ্রামের কৃষক রফিকুল মিয়া বলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে বাগানের সুপারি পাকে। এ সময় ভেজানো সুপারির মজুতদারেরা বাজার থেকে সুপারি কেনেন। কেনা সুপারির বড় অংশ পানিতে ভিজিয়ে রাখা হয়। কৃষকদের বিক্রি শেষ হলে জানুয়ারি থেকে মার্চ মাসে বাজারে সুপারির দাম বাড়তে থাকে। তখন ভেজানো সুপারি বেশি বিক্রি হয়।

তবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন গ্রামে সুপারি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। উপজেলার উত্তর চরবংশী, উত্তর চর আবাবিল, চর মোহনা ইউনিয়ন, সোনাপুর, রাখালিয়া এলাকা এবং লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রতিনিয়ত এ ধরনের চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, রাতের অন্ধকারে চোরের দল বাগানে প্রবেশ করে টাঙ্গা (ঝাঁকা) ভর্তি করে সুপারি নিয়ে যাচ্ছে। প্রতিটি টাঙ্গা সুপারি মৌসুমে প্রায় আড়াইশ টাকা করে বিক্রি হয়। অথচ থানায় গিয়ে মামলা বা সাধারণ ডায়রি (জিডি) করতে যাতায়াত, পরিবহন ও অন্যান্য খরচ আরও বেশি পড়ে যায়। এ কারণে অনেকেই থানায় যেতে নিরুৎসাহিত হয়ে ক্ষতি মেনে নিতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা জানান, সুপারি এখন গ্রামীণ অর্থনীতিতে একটি বড় অবলম্বন। কিন্তু এই চুরি বন্ধ না হলে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। কৃষকদের দাবি রাতে পুলিশি টহল বৃদ্ধি, গ্রাম পুলিশ সক্রিয় করা এবং চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ভুক্তভোগীরা প্রশাসনের কঠোর নজরদারি আশা করছেন, যাতে আর কেউ এই চক্রের শিকার না হয়।

হায়দারগঞ্জের পাইকারি সুপারি ব্যবসায়ী মিজান মিয়া বলেন, এখানকার সুপারি মানসম্মত ও সুস্বাদু। আমরা দেশের অনেক জেলায় পাঠাই। ফলন বেশি হয়েছে, তাই দামও একটু কম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্মীপুরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ বলেন, জেলায় এ বছর ৭ হাজার ২৪৫ হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৪০ হাজার টন, উৎপাদন হয়েছে ৪৩ হাজার টন। তিনি আরও বলেন, এ মৌসুমে সুপারি থেকে ৭ শত কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছি। জাত উন্নয়ন ও প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠলে চাষিরা আরও লাভবান হবেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর লক্ষ্মীপুরে ৭ হাজার ২৪৫ হেক্টর জমিতে সুপারিবাগান ছিল। বর্তমানে বাগানের পরিমাণ প্রায় ৭ হাজার ২৫০ হেক্টর। গত মৌসুমে উৎপাদন হয়েছিল ৪২ হাজার ২৭০ টন সুপারি। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪২ হাজার ৩৫০ টন।

লক্ষ্মীপুরে উৎপাদিত সুপারি জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সুপারির উৎপাদন ও বাণিজ্যের সম্ভাবনা আরও বাড়াতে উন্নত জাত উদ্ভাবন, গবেষণা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। তাদের মতে, উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থা আরও উন্নত করা গেলে লক্ষ্মীপুরের অর্থনীতিতে সুপারি আরও বড় ভূমিকা রাখতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ বলেন, লক্ষ্মীপুরের মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য বেশ উপযোগী। একবার সুপারির চারা রোপণ করলে উপযুক্ত পরিবেশে ৩০ বছরের বেশি সময় ধরে ফলন পাওয়া সম্ভব। এ কারণে দীর্ঘমেয়াদি আয়ের উৎস হিসেবে সুপারি চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরে উৎপাদিত সুপারির অর্ধেকের বেশি আসে রায়পুর উপজেলা থেকে। এরপরই রয়েছে সদর উপজেলা। আমাদের হিসাব অনুযায়ী, এ বছর পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৭১০ কোটি টাকার বেচাকেনা হওয়ার সম্ভাবনা রয়েছে।