logo

সাপাহারে ১৯ ঘণ্টা পর ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

সাপাহারে ১৯ ঘণ্টা পর ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
নওগাঁর সাপাহার সীমান্ত। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের (ঠেলে পাঠানোর) চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেখানে শূন্য রেখা (নো ম্যান্স ল্যান্ড) থেকে ১৯ ঘণ্টার পর ১৭ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

শুক্রবার (৫ জুন) রাত একটার দিকে তাদেরকে শূন্য রেখা থেকে ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানীয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকা দিয়ে ওই ১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় ভারতের ৮৮ বিএসএফ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা। এই দলে ছয় জন পুরুষ, ছয় জন নারী এবং পাঁচ শিশু ছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে কড়া অবস্থান নেন। বিএসএফের সেই চেষ্টা তাৎক্ষণিক থমকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগীরা বিএসএফের সঙ্গে ফিরে যেতে চাচ্ছিল না। তখন তারা কান্নাকাটি করেন। স্থানীয় উৎসুক জনতা এগিয়ে যেতে চাইলে বিএসএফ সদস্যরা বাধা দেন।

প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম জানান, দিনভর বিজিবি সদস্যরা ওই স্থানটি কড়া পাহারায় রেখেছিলেন। রাত একটার দিকে বিএসএফ সদস্যরা শূন্য রেখায় থাকা ব্যক্তিদের টেনে-হিঁচড়ে ভারতের ভেতরে নিয়ে যান।

নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পেয়ে আমরা ওই সীমান্তে টহল জোরদার করি। রাত একটার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেয়। পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়ে তাদেরকে রাতের বেলা ভারতে ফিরিয়ে নেওয়া হয় ধারণা করছি। সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।