logo

বাগেরহাটে আগুনে পুড়িয়ে ধ্বংস ২ হাজার কেজি পলিথিন

বাগেরহাটে আগুনে পুড়িয়ে ধ্বংস ২ হাজার কেজি পলিথিন
বাগেরহাটের অবৈধ পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের মোল্লাহাটে জব্দ করা প্রায় ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতসংলগ্ন একটি পরিত্যক্ত বাগানে আদালতের নির্দেশে এসব পলিথিন ধ্বংস করা হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে ‘রয়েল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব পলিথিন উদ্ধার করে পুলিশ। এ সময় বাসের চালক ও চালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ এক মাসের আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশেই জব্দ করা পলিথিন ধ্বংস করা হয়েছে বলে জানান মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসটি থেকে পলিথিন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশনা অনুযায়ী তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মামলার দুই আসামি সালাউদ্দিন সরদার মুনা (৩১) ও মো. শিপন হোসেন (১৮) বর্তমানে জামিনে রয়েছেন। তবে পলিথিনের মূল মালিকদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, বাগেরহাটের বিভিন্ন এলাকায় এখনও অবাধে পলিথিন ব্যবহার করা হচ্ছে। পরিবেশ রক্ষায় পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিক্রি বন্ধে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।