শ্যামনগরে এমপি গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ, পদত্যাগ দাবি

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা তার কুশপুত্তলিকা দাহ করেন।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার বাবলাতলা মোড় থেকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ঠিকাদার মো. শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হাফেজ মাওলানা মফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম ও মো. রাসেল। বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে শ্যামনগরের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় তাকে শুধু দল থেকে বহিষ্কার করাই যথেষ্ট নয়, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ায় তার সংসদ সদস্য পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হলে জনআস্থা ক্ষুণ্ন হয়। তাই এই ঘটনার স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার বিকল্প নেই। সমাবেশ শেষে উপস্থিত বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করে বিভিন্ন স্লোগান দেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে গাজী নজরুল ইসলামের দাবি, ভিডিওতে দৃশ্যমান নারী তার দ্বিতীয় স্ত্রী এবং পুরো বিষয়টি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। ঘটনার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকেই তার পদত্যাগের দাবিতে শ্যামনগরে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালিত হয়ে আসছে।
.png)






