জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে নিয়ে ‘গুরুতর ভুল’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘গুরুতর ভুল’ প্রকাশ্যে আসায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তার পরিচয় ও ছবির নিচে ভুল তথ্য ছাপার ঘটনায় পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্যালেন্ডার প্রত্যাহার ও তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৯ নভেম্বর) রাতে পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. মহিউদ্দিন মাহী।
ক্যালেন্ডারের ছবিতে থাকা ব্যানারে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ।’ এ ছাড়া ব্যানারে বেগম খালেদা জিয়ার ছবির নিচে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’ লেখা রয়েছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে একটি অনাকাঙ্ক্ষিত ভুল পরিলক্ষিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ২০২৭ সালের ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলো প্রত্যাহার (ফেরত নেওয়া) করার প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে এবং কার অবহেলায় এই অনাকাঙ্ক্ষিত ভুল ঘটেছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেকশন অফিসার মো. মহিউদ্দিন মাহী জানান, দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ বাতিল করা হয়েছে। এ ছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।


