logo

মাদক মামলায় হাজিরা দিতে গিয়ে গাঁজাসহ গ্রেপ্তার আসামি

মাদক মামলায় হাজিরা দিতে গিয়ে গাঁজাসহ গ্রেপ্তার আসামি
পুলিশের হাতে আটক আসামি কাশেদ মোল্লা। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরে মাদক মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গাঁজাসহ ধরা পড়েছেন এক আসামি। এ সময় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মো. নাজমুল কবীর এই দণ্ড দেন।

আসামি কাশেদ মোল্লা (৭১) ফরিদপুরের মধুখালী উপজেলার মৃত মতি মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মধুখালী থানার একটি মাদক মামলায় নিয়মিত হাজিরা দিতে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজার আদালতে প্রবেশ করেন আসামি কাশেদ মোল্লা। এ সময় তার হাতে একটি ব্যাগ থাকায় আদালতের স্টাফ মেহেদী ও মুরাদ নিরাপত্তাজনিত কারণে তার ব্যাগে কী আছে তা জানতে চাইলে তিনি গড়িমসি শুরু করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি মাদকের কথা স্বীকার করেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খবর দেওয়া হয়। উপস্থিত সবার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কাশেদ মোল্লার ব্যাগ তল্লাশি করলে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

মঙ্গলবার (৪ আগস্ট ) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাসেল কবির ও আদালতের পেশকার জিয়ারত মিয়া এশিয়া পোস্টকে জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ এনে আদালতে সংক্ষিপ্ত বিচারের আবেদন করেন। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।