logo

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫৩ বাংলাদেশি-রোহিঙ্গা উদ্ধার, আটক ১৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫৩ বাংলাদেশি-রোহিঙ্গা উদ্ধার, আটক ১৫

সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৫ জন মানবপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। একই সঙ্গে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বোটে তোলা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী-পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষ সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমসংলগ্ন গভীর সমুদ্রে অবস্থান করছে—এই তথ্য পেয়ে রাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্টগার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে সেটি নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বসংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভুক্তভোগীদের বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রলুব্ধ করেছিল। পরে তাদের সাগরপথে গোপনে পাচারের জন্য বোটে তোলা হয়েছিল।

সাব্বির আলম সুজন, আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতে মানবপাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।