হঠাৎ মাথা ঘুরে পড়ে হাসপাতালে শতাধিক শ্রমিক, কারখানায় আতঙ্ক

এশিয়া পোস্ট নিউজ, সাভার
হঠাৎ মাথা ঘুরে পড়ে হাসপাতালে শতাধিক শ্রমিক, কারখানায় আতঙ্ক
ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়াসংলগ্ন কাঠগড়া আমতলা এলাকার একটি পোশাক কারখানায় হঠাৎ করেই অজ্ঞাত কারণে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। গত দুই দিনে ‘ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড’ নামের ওই কারখানার সুইং ও কাটিং সেকশনের শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ভুক্তভোগীদের অধিকাংশকেই মুখ দিয়ে ফেনা বের হওয়া এবং অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় ল্যাবজোন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৯ জুন) দুপুরে কারখানার সুইং সেকশনের ২০ থেকে ৩০ জন শ্রমিক হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এ সময় অনেকের মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। মঙ্গলবার (৩০ জুন) সকালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক একইভাবে অসুস্থ হয়ে পড়েন। ভুক্তভোগীদের কেউ কেউ জানান, ফ্লোরে কাপড় বা ফেব্রিক্স নাড়াচাড়া করার সময় এক ধরনের ঝাঁঝালো গন্ধ বা গরম হাওয়া আসার পরপরই তারা শ্বাসকষ্ট ও নাক জ্বালাপোড়া বোধ করেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

অসুস্থ শ্রমিক আসমার স্বজন আমিনুল জানান—তার স্ত্রী, বোন ও ভাবি এই কারখানায় কাজ করেন। এর মধ্যে তার ভাবি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সকালে একের পর এক শ্রমিককে স্ট্রেচার ও রিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

কারখানার বিপরীতে চা দোকানদার সুমন বলেন, সোমবার সাড়ে ১২টা থেকে শুরু করে আধা ঘণ্টা ধরে অসুস্থ শ্রমিকদের নামানো হয়। মঙ্গলবারও সকাল থেকে দুপুর পর্যন্ত অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি।

ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের গেটের দায়িত্বরত সিকিউরিটি গার্ড হাকিম এশিয়া পোস্টকে বলেন, ৫০ থেকে ৬০ জন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তাদেরকে সাভারের ল্যাবজোন মেডিকেল পাঠানো হয়েছে। সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ল্যাবজোন হসপিটাল প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন এশিয়া পোস্টকে বলেন, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অজ্ঞান অবস্থায় তারা হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে আজ দুপুরে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসকেরা সুনির্দিষ্ট কোনো রোগ শনাক্ত করতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, কর্মক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি কিংবা অতিরিক্ত গরমের কারণে এমনটি হতে পারে।

আশুলিয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি (ইন্টেলিজেন্স) ইফতেখার বলেন, ম্যাগপাই গার্মেন্টসে কিছু শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে অতিরিক্ত গরমের কারণে এমনটি হতে পারে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।

কারখানার হেড অব অপারেশন ও সিনিয়র জেনারেল ম্যানেজার (এডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) সাব্বির সিদ্দিকীর দাবি, ২০ থেকে ২৫ জনের বেশি শ্রমিক অসুস্থ হননি এবং কেউ গুরুতর নন। অসুস্থ হওয়া শ্রমিকদের আমাদের নিজস্ব ডাক্তার দেখেছে, তারা বলছেন কোনো সমস্যা নাই। সকালে নাশতা না করায় এমনটা হতে পারে।

আশপাশে আরও কিছু কারখানায় এমনটি হয়েছে দাবি করে তিনি বলেন, এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না—বিষয়টি জানার চেষ্টা করছি।

বিষয় :সাভার