ট্যাংকারের ধাক্কায় ট্রাকের নিচে অটোরিকশা, প্রাণ গেল দুজনের

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাম্পট্রাকে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে দুজন নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া ও পশ্চিম মাধবপুর এলাকার নাসিরুদ্দিনের ছেলে আবুল খায়ের।
তাদের মধ্যে আবুল খায়ের সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এবং রিপন মিয়া ডাম্পট্রাকের চালকের সহকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে সিলেটগামী তেলবাহী ট্যাংকার ও ঢাকাগামী ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ডাম্পট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ডাম্পট্রারে নিচে চাপা পড়ে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার শিকার তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



