নোয়াখালীতে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ ও একই গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে মো. বিপ্লব।
পুলিশ জানায়, চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালানো হয়। কালো রঙের হার্ডজিপ গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো জব্দ করা হয়। সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদক করাবরি পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।
.png)






