পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাতের দিকে ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ঝিকরহাটি গ্রামের আমিনুল ইসলাম খান দীর্ঘদিন ধরে খুলনায় বসবাস করছেন। প্রায় সাত বছর ধরে তার বাড়ির একটি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বুধবার বিকেলে ওই বন্ধ ঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলের কাছে গিয়ে ধোঁয়া ও পোড়া গন্ধ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত ঘরটি পরিদর্শন করে। পুলিশের প্রাথমিক ধারণা, ঘরের ভেতরে থাকা হাতবোমা বিস্ফোরণের কারণেই টিনশেড ঘরের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, বাড়ির মালিক আমিনুল ইসলাম খান দীর্ঘদিন ধরে খুলনায় অবস্থান করছেন এবং তার পরিত্যক্ত ঘরটি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। ওই ঘর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।


