সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

মেহেরপুরের রংমহল সীমান্তে চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি রোববার (১১ অক্টোবর) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক সীমান্তের ১৩৭ নম্বর পিলার এলাকায় রোববার ভোরে চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বাধীন একটি দল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সকাল ৮টার দিকে ওই ছয়জনকে ফিরিয়ে নেয় বিএসএফ।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন মেনে নেওয়া হবে না। একই সঙ্গে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এর আগে গত ৯ অক্টোবর মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়েও দুই পুরুষ, এক নারী ও এক শিশুসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ।