logo

মসজিদের খাদেমকে রাজকীয় বিদায় 

মসজিদের খাদেমকে রাজকীয় বিদায় 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সাবরেজিষ্ট্রার কার্যালয় জামে মসজিদের খাদেম মো. মুসলিমকে ঘোড়ার গাড়িয়ে চড়িয়ে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। এ সময় তাকে উপহার হিসেবে ২ লাখ টাকা দেওয়া হয়। ২০ বছর কর্মজীবন শেষে মসজিদ কমিটি থেকে  তিনি এমন রাজকীয় বিদায় পান।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এদিন দুপুরে নতুন পোশাক পরিহিত খাদেমকে সাজানো গোড়ার গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মুসলিম রায়পুর পৌরশহরের মৌলভী ইব্রাহীম সাহেবের বাড়ির বাসিন্দা ও উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয় জামে মসজিদের খাদেম ছিলেন। বিদায়ের মুহূর্তে মুসলিম আবেগাপ্লুত হয়ে পড়েন। মসজিদের খতিব, ইমাম ও কমিটির সদস্যদের চোখে ছিল অশ্রু। দীর্ঘদিনের সখ্য আর ভালোবাসা যেন জমাটবাঁধে বিদায়ের সময়।

খাদেম মো. মুসলিম বলেন, দায়িত্ব পালনে কখনও ত্রুটি ছিল না। মসজিদকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। শারীরিক অসুস্থতার কারণে এখন কাজ করতে পারছি না। এজন্য বিদায় নিতে হয়েছে। মসজিদ কমিটি আমাকে সম্মান দেখিয়েছেন।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী বলেন, মুসলিম ২০ বছর ধরে এ মসজিদে খাদেম হিসেবে কাজ করেছেন। সব সময় মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন তিনি। এখন তার বয়স হয়েছে, শারীরিক সক্ষমতাও অনেকটা কমে গেছে। এজন্য তিনি অবসরে গেছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সবার প্রিয় ছিলেন।

মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক বলেন, চেষ্টা করেছি মুসলিমকে একটি সুন্দর ও সম্মানজনক বিদায় দিতে। এজন্য পাশের জেলা চাঁদপুর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়েছে। পাশাপাশি তার হাতে নগদ ২ লাখ টাকা সম্মানি তুলে দিয়েছি। মসজিদ কমিটি সবসময় তার পাশে থাকবে।