প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ফ্রান্স: ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন ও চলনবিল এলাকার হালতি বিল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রথমবারের মতো নাটোর সফরে এসে জেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। সফরকালে তিনি রানী ভবানী রাজবাড়ির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং এর ইতিহাস সম্পর্কে অবহিত হন।
রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বলেন, ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করতে চায় ফ্রান্স। বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ফ্রান্সে তুলনামূলকভাবে কম তথ্য রয়েছে।
পরিদর্শনকালে ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি নাটোর জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সফরের একপর্যায়ে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন ফ্রান্সের রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস-ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ তুলে দেন।
.png)





