Advertisement

রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ, জবাবদিহিও তাদের কাছেই করতে হবে: টিআইবি প্রধান

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ, জবাবদিহিও তাদের কাছেই করতে হবে: টিআইবি প্রধান
খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তব্যে দেন ড. ইফতেখারুজ্জামান। ছবি : এশিয়া পোস্ট

বাংলাদেশ এখন সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দেশে যখনই কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, তখনই তরুণরা প্রতিরোধ গড়ে তুলেছে। রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস জনগণ; তাই জনগণের কাছেই রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বুধবার (২২ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে মূল বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘উত্তরণকালীন ন্যায়বিচারে পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা হিসেবে সাংবিধানিক ও আইনি সংস্কার’ শীর্ষক এই সেমিনারের যৌথ আয়োজন করে খুবির আইন ডিসিপ্লিন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশ।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের ইতিহাসে যখনই কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখনই তরুণরা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই দেশ সঠিক পথে ফিরে এসেছে। একটি গণতান্ত্রিক, মানবাধিকারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের প্রতি রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

সেমিনারে অন্য এক মূল প্রবন্ধে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের সদস্য, লেখক ও গবেষক ফিরোজ আহমেদ বলেন, জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানচর্চা, গবেষণা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ই ভবিষ্যতের রাষ্ট্র নির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা সেই সক্ষমতারই প্রমাণ।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, উদ্বোধনী বক্তব্য দেন ওএইচসিএইচআর বাংলাদেশের মানবাধিকার কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন আইন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাত।

দিনব্যাপী সেমিনারের প্রথম অধিবেশনে ‘পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক ও তুলনামূলক মানদণ্ড’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ওএইচসিএইচআর বাংলাদেশের সহকারী মানবাধিকার কর্মকর্তা সাইমা করিম শানন। তিনি দক্ষিণ আফ্রিকা, নেপাল, কলম্বিয়া ও তিউনিসিয়ার অভিজ্ঞতার আলোকে জাতিসংঘের মানদণ্ড তুলে ধরেন। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তরুণ, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক সংস্কার’ শীর্ষক একটি মুক্ত আলোচনা পর্বও অনুষ্ঠিত হয়।

আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৌরভ ঘোষ ও তানিয়া সুলতানার সঞ্চালনায় এই সেমিনারে খুবির বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয় :খুলনা