logo

১০ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ স্বাভাবিক

১০ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় তেলবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুতির ১০ ঘণ্টা পর অবশেষে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্ল্যান্টগামী একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন আমনুরা প্ল্যাটফর্মের কাছে লাইনচ্যুত হয়। এর ফলে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে পৌঁছায়।

তবে উদ্ধার কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই রিলিফ ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। রেল কর্মকর্তাদের তৎপরতায় দ্রুত রিলিফ ট্রেনটি লাইনে ফিরিয়ে আনা হয় এবং মূল উদ্ধার কাজ শুরু হয়।

দীর্ঘ ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে যাতায়াতকারী কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যস্ত হয়।

আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল ৩টার দিকে লাইন মেরামত ও ওয়াগন সরানোর কাজ শেষ হয়েছে। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করেছে।