logo
Advertisement

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,সিলেট
সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
সিলেট স্বাস্থ্য বিভাগের কার্যালয়। ছবি: স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট থেকে নেওয়া

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। নতুন করে ১০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হাম আক্রান্ত ৩৩৫ রোগী চিকিৎসাধীন।

Advertisement

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে বৃহস্পতিবারের (২৭ আগস্ট) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৫ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ১০২ জনের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন রয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৫ জন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৫ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন রয়েছেন। বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৪ ও ১ জন চিকিৎসাধীন।

এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৬ জন হামের সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহে দুজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। তাদের একজন হবিগঞ্জের এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা।

জেলা অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে হামের সন্দেহে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৩ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৭ জন মারা গেছেন।

পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে এ পর্যন্ত সিলেট বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন। সন্দেহভাজন ও নিশ্চিত—দুই হিসাব মিলিয়ে বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মধ্যে সিলেটে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে রুবেলার দুজন রোগীও রয়েছে।

বিষয় :