নোয়াখালীতে সড়ক নিরাপত্তা নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সচেতনতামূলক সভা

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনা কমানো ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সদর উপজেলার নোয়াখালী উচ্চবিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিআরটিএ, নোয়াখালী সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সড়ক নিরাপত্তা, ট্রাফিক সংকেত মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার এবং পথচারী ও যাত্রীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী ও মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক শাকিল ও জিটিভির জেলা প্রতিনিধি।
সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সড়ক নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এর মধ্যে ছিল ট্রাফিক সংকেতের ব্যবহার, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে সড়ক পারাপারের নিয়ম এবং গণপরিবহনে চলাচলের সময় করণীয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নোয়াখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক পরিবহন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় নোয়াখালী জেলায় বছরব্যাপী সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।
নোয়াখালী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে ৫৭ জন শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।


