উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক, ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার

জামালপুরের মেলান্দহ উপজেলায় বরই গাছে ডাল কাটতে উঠে জ্ঞান হারান মো. হযরত আলী (৭০) নামে এক শ্রমিক। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার বীর হাতিজা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হযরত আলী পেশায় একজন শ্রমিক। তিনি হাতিজা এলাকায় একটি বরই গাছে ডাল কাটার জন্য উঠে হঠাৎ অসুস্থ হয়ে গাছের ওপরেই জ্ঞান হারান। তাকে অচেতন অবস্থায় গাছের ওপর থাকতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, সকালে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২৫ ফুট উঁচু গাছ থেকে অচেতন অবস্থায় তাকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।