logo

শিশুখাদ্যে ক্ষতিকর রং ও শিল্পকারখানার লবণ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শিশুখাদ্যে ক্ষতিকর রং ও শিল্পকারখানার লবণ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনে ক্ষতিকর সিনথেটিক রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাজধানী চিপস ও ভাই ভাই চিপস নামের দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে কাঁচা চিপস উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া উৎপাদিত চিপসের বস্তা ও মোড়কে প্রয়োজনীয় লেবেলিং বা মার্কিং ছাড়াই পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করা হচ্ছিল।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্ষতিকর উপাদান মিশ্রিত ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। পরে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা চিপস ধ্বংস করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়। অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

এ সময় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।