Advertisement

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, লাইসেন্স না থাকায় ক্লিনিক সিলগালা

এশিয়া পোস্ট নিউজ, শরীয়তপুর
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, লাইসেন্স না থাকায় ক্লিনিক সিলগালা
আকস্মিক অভিযানে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরের ভেদরগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত আকস্মিক অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ক্লিনিক সিলগালা এবং অপরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সরকারি ডিউটির সময়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে শোকজ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত বেসরকারি ক্লিনিকগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ‘মর্ডান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক’-এর লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনসংক্রান্ত কাগজপত্র যাচাই করে বড় ধরনের ঘাটতি পাওয়া যায়। পাশাপাশি ক্লিনিক দুটিতে নরমাল ডেলিভারি সেবার যথাযথ ব্যবস্থা না থাকায় মর্ডান ক্লিনিক সিলগালা এবং নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া সরকারি দায়িত্ব পালনের সময় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন জাহান ও ডা. রাসেলকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। সরকারি দায়িত্বে গাফিলতি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অভিযানকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু নাঈম মো. ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বিসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :শরীয়তপুর