দেড় বছরের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে মা আটক

সিলেট সদর উপজেলায় দেড় বছর বয়সী এক কন্যাসন্তানকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
শুক্রবার (২২ মে) ভোর পাঁচটার দিকে উপজেলার কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস)। সে কালারুকা গ্রামের আমির আলীর মেয়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে আমির আলী যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, তখন এই হত্যাকাণ্ড ঘটে। নামাজ শেষে বাড়ি ফিরে তিনি দেখতে পান, বঁটি দিয়ে তার শিশুকন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক কলহের জেরে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



