দেশের হাওর ও উপকূলে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে: মৎস্যমন্ত্রী

দেশের হাওর ও সমুদ্র উপকূলসহ বিভিন্ন এলাকায় দেশীয় প্রজাতির মিঠাপানির মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পাশাপাশি এসব অভয়াশ্রম রক্ষায় স্থানীয়ভাবে পাহারা দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মৎস্য খাতের গুরুত্বের বিষয়ে আমিন উর রশিদ বলেন, বৃহত্তর ময়মনসিংহ এবং বিশেষ করে কিশোরগঞ্জ মাছ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাধারণত সরকারপ্রধানেরা কোনো হলরুমে বসে পুরস্কার বিতরণ করে থাকেন। তবে এবার প্রান্তিক ও মাঠপর্যায়ের সফল উদ্যোক্তাদের কর্মস্থলে সরাসরি গিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জালের ক্ষতিকারক দিক তুলে ধরে তিনি জানান, অবৈধ জালের মূল উৎপাদন বন্ধ করা গেলেই বাজারে এর ব্যবহার পুরোপুরি বন্ধ হবে। এরই মধ্যে মুন্সিগঞ্জে অবৈধ জালের কয়েকটি কারখানা বন্ধ ও সিলগালা করা হয়েছে। দেশের অন্য কোথাও যেন এগুলো নতুন করে উৎপাদন হতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর আসন্ন কিশোরগঞ্জ সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৬ আগস্ট কিশোরগঞ্জে আসার পথে প্রধানমন্ত্রী উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। একই দিনে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য দেশের ১৪ জন উদ্যোক্তাকে রাষ্ট্রীয় স্বর্ণপদক দেওয়া হবে। এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বিতরণ কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের জন্য সরকারের নেওয়া বেশির ভাগ উন্নয়নমূলক উদ্যোগের সূচনা কিশোরগঞ্জ থেকেই শুরু হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার সরাসরি জনগণের কাছে যাবে—এটাই বর্তমান সরকারের মূল ভিন্নতা।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর আগাম সফর উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার থানারঘাট-বাহাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ এবং কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনে জানা যায়, সফরে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন, বৃক্ষরোপণ ও বেশ কিছু উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
কর্মসূচিসমূহে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)

