বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার উত্তর মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—কালীগঞ্জ উপজেলার উত্তর মুক্তারপুর এলাকার মো. আতাউর রহমান শেখের ছেলে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়ি নাসেরা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে অন্য বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে রাব্বি ও লাবিবুল। গোসলের একপর্যায়ে রাব্বি তলিয়ে যেতে থাকলে লাবিবুল তাকে বাঁচানোর চেষ্টা করলে দুজনই তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে তারা লাবিবুল আল হাসানকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জানান, ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
.png)






