logo

পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইমরান হোসেন সোহাগ (২৭) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ইমরান হোসেন সোহাগ সাঁড়া গোপালপুর এলাকার ইমানুল প্রামানিকের ছেলে। ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব ছিলেন। তিনি পাবনা-৪ আসনের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী জাকারিয়া পিন্টুর সক্রিয় সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখে কালো কাপড় বেঁঁধে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, গুলি ও আঘাতের কারণে সোহাগের মাথার মগজ বেরিয়ে গেছে।

‎ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলি অথবা কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

‎তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খতিয়ে দেখছে পুলিশ।