কাতারে নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
কাতারে নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন
কানাইঘাটের গাছবাড়ীর মহাজিরুল উলূম আকুনী মাদ্রাসা মাঠে একসঙ্গে পাঁচ প্রবাসীর জানাজা হয়। ছবি: এশিয়া পোস্ট

প্রবাসজীবনের কঠোর সংগ্রাম শেষে স্বপ্ন নিয়ে ঘরে ফেরার কথা ছিল তাদের। কিন্তু ফেরা হয়েছে কফিনবন্দি হয়ে। কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ যখন নিজ জন্মভূমিতে পৌঁছায়, তখন পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Advertisement

স্বজনদের আহাজারি আর হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত হলেন তারা।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় উপজেলার গাছবাড়ীর মহাজিরুল উলূম আকুনী মাদ্রাসা মাঠে একসঙ্গে পাঁচ প্রবাসীর জানাজা হয়। জানাজা শেষে তাদের দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান। জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন। পুরো মাঠজুড়ে ছিল চাপা কান্না আর স্বজনদের বুকফাটা আহাজারি। জানাজা শেষে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাদের।

নিহতরা হলেন নিজ গাছবাড়ী গ্রামের আবদুল কাদির (৩০), মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান (২৭) ও জুবায়ের আহমেদ (২৮), আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮) এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ (৩৫)। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

কান্নাজড়িত কণ্ঠে নিহত জিবাল আহমেদের ছেলে পারভেজ বলেন, ‘আমরা পাঁচ ভাই-বোন। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বাবা। তার মৃত্যুতে আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন আমাদের দেখার আর কেউ নেই।’

এর আগে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে সকাল সোয়া ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বিমানবন্দরে মরদেহ দাফন ও পরিবহনের খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স বোর্ডের পক্ষ থেকে প্রাপ্য সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।