logo

বিএনপি সব ধর্মের উপাসনালয়ের দায়িত্বশীলদের ভাতা দেবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপি সব ধর্মের উপাসনালয়ের দায়িত্বশীলদের ভাতা দেবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সরকারে থাকুক বা বিরোধীদলে— ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সব ধর্মের উপাসনালয়ের দায়িত্বশীলদের রাষ্ট্রীয় সম্মান ও ভাতা প্রদান করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে, দুপুরে সালাহউদ্দিন আহমদ কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, নিরাপত্তা সবার। এখানে উপস্থিত আমাদের সনাতন ধর্মাবলম্বী মা-বোন, ভাই-বোনদের মুখের হাসিই প্রমাণ করে তারা বিএনপির হাতেই নিরাপদ। ইতিহাস সাক্ষী বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে— এই নিশ্চয়তা একমাত্র বিএনপিই দিতে পারে। তাই জনগণ বিএনপিকে তাদের বিশ্বস্ত বন্ধু মনে করে। বাংলাদেশের গণমানুষের দল হলো বিএনপি। বিএনপির অপর নাম গণতন্ত্র। গণতন্ত্র, উন্নয়ন ও প্রগতির অপর নাম বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনই নির্ধারণ করবে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগের বড় পরীক্ষা। একইসঙ্গে মুক্ত ও স্বাধীন পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রের স্বাদ নেওয়ার সুযোগ।

তিনি আরও বলেন, আগামী যে সংসদ আপনারা নির্বাচিত করবেন, সেই সংসদেই মানুষের অধিকার রক্ষা। গণতন্ত্র সুসংহত করা এবং দেশের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সবচেয়ে বেশি আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সবাই এই দেশের রাজা, এই রাষ্ট্রের প্রকৃত মালিক। জনগণই হলো এই দেশের সার্বভৌম শক্তি। সেই জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আগামী ১২ তারিখে ধানের শীষে একটি ভোট দিন। কারণ এই দেশের গণতন্ত্র, এই দেশের জনগণ এবং এই দেশের স্বাধীনতা একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার পতাকা আজও বিএনপির হাতেই সুরক্ষিত।

তিনি বলেন, এই দেশ ও দেশের মানুষের জন্য আমরা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের ভোটাধিকার আদায়ের সংগ্রামে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষ তাকে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে শেষ বিদায় জানিয়েছে। এ থেকেই প্রমাণ হয়, আমরা পরীক্ষিত। আমরা আপনাদের বন্ধু।

তিনি আরও বলেন, আমি যতবার এই এলাকায় এমপি নির্বাচনে অংশ নিয়েছি, আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। এমনকি আমার অনুপস্থিতিতে যখন আমি কারাগারে বন্দি ছিলাম, তখন আপনারা আমার স্ত্রীর ওপর আরও বেশি আস্থা রেখে তাকে সংসদে পাঠিয়েছেন। সুতরাং আমি জানি, আপনারা আমাকে কতটা ভালোবাসেন এবং কতটা বিশ্বাস করেন।

পথসভায় কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামাদলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়াতে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্যসচিব মৌলানা মুফতী আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ছাইফুল ইসলাম ছাবুসহ অনেকে বক্তব্য রাখেন।