Advertisement

ভাতিজার কুড়ালের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
ভাতিজার কুড়ালের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন
মিজান মিয়া। ছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমির সীমানায় থাকা একটি নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে কুড়ালের আঘাতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া (৪৫) বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে বড়চাপা বাজারে একটি মুদি দোকান চালু করেন। পাশাপাশি তিনি ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা শহীদুল্লাহ ওরফে পিংকী (৬৫) এবং তার ছেলে জীবন মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদুল্লাহ স্থানীয় আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি।

নিহতের স্বজনরা জানান, মিজান মিয়া ও তার চাচা শহীদুল্লাহর মধ্যে বাড়ির পাশের একটি রাস্তা ও জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি। শনিবার দুপুরে রাস্তার পাশে থাকা একটি নারিকেল গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের সময় জীবন মিয়া কুড়াল দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়।

এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. খন্দকার আনিছুর রহমান বলেন, মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :নরসিংদী