নির্ধারিত সময়েই শেষ হবে বিএডিসির খাল খনন কর্মসূচি: কৃষিমন্ত্রী

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চলমান খাল খনন কর্মসূচি আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিবি বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কর্মকর্তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। বন্যা ও উপকূলীয় অঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে ১১৮টি নতুন জাতের ধানের বীজ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে দ্রুত ৩০ টন বীজ বিতরণ করা হবে।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষিকে আরও টেকসই করতে লবণাক্ততা সহনশীল নতুন জাতের ধান উদ্ভাবনের কাজও এগিয়ে চলছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের কৃষি বিজ্ঞানীরা নিরলসভাবে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন। ভবিষ্যতেও প্রতিকূল পরিবেশ সহনশীল ও উচ্চ ফলনশীল ধানের নতুন জাত উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকবে।
সভায় কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তারসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)






