Advertisement

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার
অন্য নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের অরুণ দেবনাথ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নৌকাডুবিতে এখনও তিনজন নিখোঁজ হয়েছেন।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী ও মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ।

পুলিশ ও স্থানীরা জানান, শুক্রবার রাত ৮টার সময় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে অরুণ দেবনাথের লাশ উদ্ধার করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনও নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মইয়ার হাওরে নৌকাডুবিতে চারজন নিখোঁজ ছিলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ভোরে নৌকাডুবিতে চারজন নিখোঁজ হয়েছিলে। হাওর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের জন্য সিলেট ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়েছে।