Advertisement

অপরাধমুক্ত সীমান্ত গড়তে বেকারদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
অপরাধমুক্ত সীমান্ত গড়তে বেকারদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বিজিবি। ছবি : এশিয়া পোস্ট

সীমান্ত এলাকার যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) উদ্যোগে উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম ধাপে সীমান্তের ২৫ জন বেকার যুবককে এই কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকপাচার হ্রাসে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করে স্বাবলম্বী করার পাশাপাশি বিজিবির প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার যুবসমাজকে অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে দক্ষ মানবসম্পদে পরিণত করাই বিজিবির মূল লক্ষ্য। সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজামুল হকসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিজিবির প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে এসব যুবক আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।