অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে অর্পনা ধর নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় সদর উপজেলার শালবন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপর্ণা ধর (৪০) খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকার অপু ধরের স্ত্রী।
তিনি খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালবন গেট এলাকায় অর্পনা ধরের ওড়না হঠাৎ চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত অর্পনা ধরকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
