Advertisement

অস্ত্রের মুখে ঝুটবোঝাই ২ ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
অস্ত্রের মুখে ঝুটবোঝাই ২ ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
ছবি: এশিয়া পোস্ট

পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও শ্রমিকদের জিম্মি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করা সম্ভব হলেও ডাকাত দলের কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতু সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঝুটগুলো ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে পরিবহন করা হচ্ছিল।

বুধবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, এটি সাধারণ ছিনতাই নয়, সংঘবদ্ধ ডাকাতি। ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। খবর পাওয়ার পরপরই রাতভর অভিযান চালিয়ে ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের আগেই ডাকাতরা একটি প্রাইভেটকারে পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈশ্বরদী ইপিজেড থেকে ছয়টি ট্রাকে ঝুট নিয়ে বের হওয়া হয়। রাত আনুমানিক ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল তেলপাম্প সংলগ্ন একটি ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন মাপার সময় কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন যুবক সেখানে আসে। তারা ট্রাকচালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনিয়ে নেয়।

এরপর ডাকাতরা ট্রাক দুটি প্রথমে পাকশীর নতুন রূপপুর স্কুলের পাশে নিয়ে যায়। পরে চালকদের জিম্মি রেখেই ট্রাক দুটি পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করায়। সেখান থেকে বাইপাস সড়কের গাছপাড়া এলাকায় নেওয়া হলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করে এবং জিম্মি চালকদের মুক্ত করে। তবে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় গভীর রাতে পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের বাসিন্দা মো. বিপ্লব বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মামলা দায়েরের পর ঘটনাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ অপরাধে জড়িতদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।

বিষয় :পাবনা