ফ্লাইওভারে একসঙ্গে ছয় গাড়ির সংঘর্ষ

গাজীপুরের চন্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে ছয়টি যানবাহনের সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাইওভারের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফ্লাইওভার থেকে নামার সময় একটি ডাম্পট্রাক সামনে থাকা যানবাহনে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ছয়টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে একটি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান, একটি পিকআপ, একটি ডাম্পট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি কার্গো গাড়ি। সংঘর্ষে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায়। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্যস্ততম এই মহাসড়কে একসঙ্গে ছয়টি যানবাহনের দুর্ঘটনার ফলে ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে দুর্ঘটনার শিকার যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ডাম্পট্রাকের চালকের বেপরোয়া গতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।