থানচিতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল বিজিবি

টানা কয়েক দিনের অতি ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে কয়েকজন পর্যটক প্রায় তিন দিন ধরে আটকা পড়েন। এ পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদে উদ্ধার ও গন্তব্যে পৌঁছে দিয়েছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীনস্থ থানচি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পর্যটকরা আটকা পড়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিজিবি সদস্যরা আটকে পড়া পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেন। পাশাপাশি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, প্রয়োজনীয় সহযোগিতা এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি অব্যাহত রাখা হয়।
শুক্রবার (১০ জুলাই) আবহাওয়ার উন্নতি এবং সড়ক যোগাযোগ আংশিক স্বাভাবিক হলে সাধারণ যানবাহনের মাধ্যমে পর্যটকদের নিরাপদে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। পরে বলিপাড়া ব্যাটালিয়নের তত্ত্বাবধানে তাদের নিরাপদে বান্দরবান শহরে পৌঁছে দেওয়া হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধস এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং মানবিক সহায়তা প্রদানেও বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
এ বিষয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো মানবিক সংকটে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থাকবে।





