মিছিল নিয়ে এসে বাকেরগঞ্জ থানায় ঢুকে আসামিকে মারধর

বরিশালে মিছিল নিয়ে এসে বাকেরগঞ্জ থানায় ঢুকে আসামিকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার দুইটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, সাদা একটি মাইক্রোবাস থানায় প্রবেশ করছিল। এ সময় একদল লোক মিছিল নিয়ে এসে থানায় প্রবেশ করে। মাইক্রোবাসের দরজা খুলে পুলিশ এক আসামিকে বের করে। তখন মিছিল নিয়ে আসা লোকজন আসামির ওপর হামলে পড়ে। তারা আসামিকে মারধর করতে থাকে। আসামিকে নিয়ে পুলিশ দৌড় দিয়ে থানা ভবনে প্রবেশ করে কেচিগেট আটকে দেয়।
আরেকটি ভিডিওতে দেখা যায়, আমামিকে হাজতে রাখা হয়েছে। বাইরে থেকে আসামিকে কয়েকজন গালিগালাজ করছেন। দুই ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, গ্রেপ্তার আসামি লায়ন নিলয় পারভেজ বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের হযরত আলীর ছেলে। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা। লায়ন নিলয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে কটুক্তি করে সামাজিক যোগযোগ মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
এ বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান জানান, ওই লোক মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিত সাধারন মানুষ এসে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ওই আসামিকে শনিবার দুপুরে ঢাকায় গ্রেপ্তার করা হয়। রাত আটটার দিকে তাকে নিয়ে থানায় আসা হয়। এ সময় কিছু বিক্ষুদ্ধ লোক আসামিকে লাঞ্চিত ও হামলার চেষ্টা করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসামিকে হেফাজতে নিয়েছে।
