কক্সবাজার সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
কক্সবাজার সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক
কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েম। ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানী সৈকতসংলগ্ন সমুদ্রে গোসলে নেমে মোহাম্মদ সায়েম নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

Advertisement

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানীর নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, সায়েম ও তার বন্ধু আরমান ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রে ডুবে যেতে থাকেন।

তাকে উদ্ধারের জন্য এগিয়ে চিৎকার শুরু করেন বন্ধু আরমান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় লোকজন ও বিচ কর্মীরা আরমানকে উদ্ধার করতে পারলেও সায়েম প্রবল ঢেউয়ে ভেসে যান।

ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, নিখোঁজ পর্যটককে শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।