logo

পুকুরে বোমাসদৃশ বস্তু, সেনাবাহিনীর অপেক্ষায় পুলিশ

পুকুরে বোমাসদৃশ বস্তু, সেনাবাহিনীর অপেক্ষায় পুলিশ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের দড়ি বটগ্রামে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। শুক্রবার (১ মে) সকালে বস্তুটি দেখতে পেলেও সেনাবাহিনী ঘটনাস্থলে আসতে সময় লাগায় সেখানে পুলিশ পাহারায় অবস্থান করছে।

জানা যায়, এদিন সকালে গ্রামের এক কিশোর পুকুর থেকে মাটি ভরাটের সময় লোহা জাতীয় একটি বস্তু দেখতে পায়। পরে সেটি পানি দিয়ে পরিষ্কার করে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে। এ সময় তার মা দেখে বস্তুটি বোমা হিসেবে ধারণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, দুপুর থেকে ঘটনাস্থলে পুলিশ বস্তুটি পাহারা দিচ্ছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এলে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো পুরনো বোমা বা বিস্ফোরক; যা পুকুরে ফেলে রাখা হয়েছিল। দীর্ঘ দিন পরও অক্ষত অবস্থায় রয়েছে।