ভোলায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টা, ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা

ভোলার তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে ভোরবেলা পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় পল্লী বিদ্যুতের কর্মী ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (২৯ নভেম্বর) ভোরবেলা একদল দুর্বৃত্ত সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে পেট্রোল দিয়ে সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের একজন লাইনম্যান প্রতিদিন সকালে পাখিদের খাবার দিতে বের হন। রোববার সকালে তিনি পাখিদের খাবার দিতে গেলে দুর্বৃত্তরা টের পেয়ে প্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে তারা দুর্বৃত্তদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার ও তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
এ বিষয়ে তজুমদ্দিন পল্লী বিদ্যুতের এজিএম অসীম সরকার বলেন, সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তজুমদ্দিন থানার ওসি মিজানুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে মামলা হিসেবে এজাহারভুক্ত করা হবে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন বলেন, বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি শুনেছি। সরকারি জানমাল রক্ষার বিষয়টি প্রশাসনের দায়িত্ব। রাতে প্রতিটি নৈশ প্রহরীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব দুষ্কৃতকারীকে প্রতিহত করতে উপজেলার সব নাগরিকের সহযোগিতাও চান তিনি।


