সংসদ ভবনে বিএনপির এমপির সঙ্গে আ.লীগ নেতা, ছবি ভাইরাল

জাতীয় সংসদ ভবন এলাকায় একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া বিএনপির সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ছবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে। বুধবার (২৪ জুন) এমন একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর সমালোচনার জন্ম দেয়।
ছবিতে দেখা যায়, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ একসঙ্গে দাঁড়িয়ে আছেন। তারা দুজন মাঝখানে; তাদের দুই পাশে কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেসকোড সম্বলিত কয়েকজন তরুণ তরুণী রয়েছেন।
আরেকটি ছবিতে দেখা যায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ পাশাপাশি দাঁড়িয়ে। এই ছবির ফ্রেমে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলও রয়েছেন।

মোস্তাফিজুর রহমান বাবুল নিজে তার ব্যক্তিগত ফেসবুকে ছবিগুলো জুড়ে দিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ক্যাপশন লিখেছেন–‘২৪ জুন বুধবার। হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের মহান জাতীয় সংসদ ভবন এবং সংসদ অধিবেশনে উপস্থিত হয়ে সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেছে।’
খোঁজ নিয়ে জানা যায়, সংসদ সদস্য যে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন সেটি মেলান্দহ উপজেলায় অবস্থিত। এই কলেজটির অধ্যক্ষ হলেন ওই আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ। তার কলেজের শিক্ষার্থীরা সংসদ অধিবেশন কার্যক্রম ও সংসদ ভবন এলাকা পরিদর্শন করে। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের ফোনে একাধিকবার কল যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল না রিসিভ করায় বক্তব্য পাওয়া যায়নি।
তবে অধ্যক্ষ আব্দুল আজিজ তার দলীয় পদের বিষয় স্বীকার করে বলেন, ‘কলেজের একটি প্রতিনিধি দল নিয়ে আমরা ঢাকায় এসেছিলাম। অফিসিয়াল মিটিং শেষে বেলা একটার দিকে আমরা সংসদ ভবন পরিদর্শনে যাই।’






