logo

তিন জেলায় বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু

তিন জেলায় বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া বরিশালের গৌরনদীতে বজ্রাঘাতে পানবরজের দুই শ্রমিক মারা গেছেন। এ সময় গুরুত্বর আহত হয়েছেন আরও এক শ্রমিক।

এদিকে নাটোরের লালপুরে আজ ইটভাটায় কাজ করার সময় বজ্রাঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।

নওগাঁয় দুই কৃষকের মৃত্যু

জানা গেছে, নওগাঁর রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) এবং একই গ্রামের আমিনুরের ছেলে তারেকের (২২) মৃত্যু হয়। একই সঙ্গে দুই কৃষকের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোক নেমে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে আক্কাস ও তারেক জাঠাইল মাঠে নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুজনে প্রাণ হারান। পরে আশপাশের লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে দুই শ্রমিকের মৃত্যু, একজন আহত

বরিশালের গৌরনদীতে বজ্রাঘাতে পানবরজের দুই শ্রমিক মারা গেছেন। এ সময় গুরুত্বর আহত হয়েছেন আরও এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানিয়েছেন, মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। একই সঙ্গে হাসপাতালে আনা গুরুতর আহত দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হতাহত তিনজন ভীমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন।

এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গোপাল গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নাটোরে ইটভাটা শ্রমিকের মৃত্যু

নাটোরের লালপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রাঘাতে এসকেন আলী নামে এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় শাপলা খাতুন নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের সিরাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসকেন আলী উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আদু আলীর ছেলে। আহত শাপলা খাতুন একই উপজেলার জৌদ্দিগী গ্রামের ফিরোজ শেখের স্ত্রী।

এলাকাবাসী জানায়, সকাল থেকেই ভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে প্রচন্ড গতিতে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে শ্রমিক এসকেন আলী ও শাপলা খাতুন আহত হন। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে এসকেন আলীকে মৃত ঘোষণা করেন এবং আহত শাপলা খাতুনকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শাপলা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিদ্যালয়ের পাশে বজ্রপাত,আতঙ্কে অজ্ঞান শিক্ষার্থী

এদিকে জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়েছে মোহাম্মদ মনির হোসেন নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। সকালে উপজেলার জাহানারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় বিদ্যালয়ের পাশেই বজ্রপাত হয়। এতে বিকট শব্দে আতঙ্কিত হয়ে মনির জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষক হেলালুরুজ্জামান বলেন, সকালে বৃষ্টির সময় বজ্রপাত হলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মনির হোসেন আতঙ্কিত হয়ে সেন্সলেস হয়ে যায়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর এখন সে সুস্থ আছে।

[প্রতিবেদন পাঠিয়েছেন নওগাঁ, বরিশাল, নাটোর ও জামালপুর প্রতিনিধি]